প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:১৭ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ৯:৩৩ PM

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। সোমবার (৭ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে ব্যাহত হয় যান চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ জানায়, সকাল ১০টা থেকে শত শত শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে তারা ইপিজেড এলাকা থেকে বের হয়ে বিমানবন্দর সড়কের উভয় পাশ অবরোধ করেন, এতে সৃষ্টি হয় তীব্র যানজট। বিকেল ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা আবার সিইপিজেড এলাকায় ফিরে যান এবং সেখানে বেপজা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন তারা। বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান হয়নি, তাই বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছে।
এক নারী শ্রমিক বলেন, “তিন মাস ধরে বেতন পাই না। বাসা ভাড়া, বাজার সব বাকি পড়ে গেছে। ঘরে এখন খাবারও নেই। এখন না নামলে আর কবে নামবো?"
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, প্রতিষ্ঠানটির কাছে বেপজা কর্তৃপক্ষের পাওনা রয়েছে প্রায় ২৮ কোটি টাকা। শ্রমিকদের বেতন পরিশোধ না হওয়ায় বারবার অসন্তোষ দেখা দিচ্ছে, এ কারণে বেপজা কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে।
ইপিজেড থানার ওসি মো. আকতারুজ্জামান বলেন, “শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে আমরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।”
এর আগেও, গত ৮ মে একই দাবিতে থিয়ানিস অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভে নামে। তখন বেপজার হস্তক্ষেপে এপ্রিল মাস পর্যন্ত বেতন পরিশোধ করা হলেও পরবর্তীতে আবার মে ও জুন মাসের বেতন আটকে রাখে মালিকপক্ষ ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ