প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০২ পিএম

ট্রাক ও বাসের সংঘর্ষে ১ জন নিহত ও আহত ১৭ জন যাত্রী।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় পণ্যভর্তি (পোলট্রি ফিড) একটি ট্রাকের সাথে জোনাকি পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৭ জুলাই) দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত আজগর আলী দুর্ঘটনা কবলিত বাসটির স্টাফ বলে জানা গেছে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একদল সদস্য আটকে থাকা বাসের যাত্রীদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠায় বলে জানা যায়।
জানা যায়, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত তিন যাত্রী হাসান মিয়া (২৫), মো. সায়মন (১৪) ও সোহাগকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত যাত্রী আহসান (৫৫), আরিফ (৩৩), শাহিন বেগম (৬৫), সাবিরুল (৫০) এবং আবুসাঈদসহ (৫৫) আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সূত্রে জানা যায়, আজ দুপুর ১ টার দিকে পন্যভর্তি (পোলট্রি ফিড) ঢাকা অভিমুখী একটি ট্রাক মহাসড়কের আনারপুরা এলাকায় ইউটার্ন নেয়ার সময়ে ঢাকাগামী দ্রুতগতির জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনের অংশে সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দক্ষিণপাশে একটি গাছে গিয়ে আটকে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা যায় দ্রুত গতির কারণে মহাসড়কে ইউটার্ন নিতে থাকা মালভর্তি ট্রাকের পেছনের অংশে বাসটি সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে গিয়ে পড়েছে, এতে করে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের এক স্টাফ নিহত ও বাসের অধিকাংশ যাত্রীরা আহত হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শওকত আলী বিষয়টির সত্য জানিয়ে বলেন, “নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে রয়েছে।”
হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার সাজেন্ট সফিউল ইসলাম বলেন, “সোমবার বিকাল ৩ টায় জানায়, মালভর্তি (পোলট্রি ফিড) দুর্ঘটনায় শিকার ট্রাকটি মহাসড়কে উল্টে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।”