প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৫:১৭ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৫:২৮ PM

বাবা আমান উল্লাহ।
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শিশুকন্যাটিকে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে দেন বাবা।
গতকাল শনিবার (৫ জুলাই) রাত ৯টায় এ ঘটনা ঘটে। চার বছর বয়সী কানিজ ফাতেমা জুতি নামের এক শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন তার বাবা আমান উল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমান উল্লাহ একজন মাদকাসক্ত ব্যক্তি এবং স্ত্রী ও পরিবারের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ঘটনার দিন স্ত্রী ও সন্তানের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি লোহার রড দিয়ে শিশুটিকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় ছোট্ট কানিজ। পরে মরদেহ নদীতে ফেলে দেন তিনি। ঘটনা জানাজানি হলে আমান উল্লাহ নিজ ঘরের দরজা বন্ধ করে আত্মগোপনের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন চালা কেটে ঘরে প্রবেশ করে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি অকপটে স্বীকার করেন তিনি এবং জানান, ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় প্রায় ৩০-৪০ জন লোক নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ওসি আরিফ হোসেন বলেন, “শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত ১টার দিকে থানায় আনা হয়। আটক আমান উল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”