প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৪:১২ PM

সংগৃহীত ছবি
জনপ্রিয় বলিউড তারকা সালমান খান পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না, চুম্বনের দৃশ্যেও দেখা যায় না তাকে। এ বিষয়ে নিজের অস্বস্তির কথা অনেকবারই জানিয়েছেন ‘ভাইজান’।
প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফ; বাস্তবের প্রেমিকাদের সঙ্গে পর্দায় জুটি হলেও নিজের নিয়ম থেকে সরে আসেননি তিনি। এর পেছনে ঠিক কী কারণ? কেনই-বা কোনো নায়িকাকে তিনি চুমু খান না? কেন তার এই ‘নো কিস পলিসি’?
নিজের ক্যারিয়ারে সালমান তার এই ‘নো কিস পলিসি’ একবারই ভেঙেছেন। আর তা হলো ‘জিত’ ছবিতে। এই ছবিতে কারিশমা কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমানকে। চিত্রনাট্যের প্রয়োজনে নায়িকার চিবুকে চুমু খেয়েছিলেন সালমান। এরপর তাকে কখনো আর এর পুনরাবৃত্তি ঘটাতে দেখা যায়নি।
২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। সেই ছবিতেও সালমানকে একটি চুমুর দৃশ্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন পরিচালক। কিন্তু তাতে একেবারেই রাজি হননি তিনি। পরে সেই অংশটি চিত্রনাট্য থেকে বাদ দেওয়া হয়।
একবার জনপ্রিয় কপিল শর্মার শোয়ে দুই ভাই আরবাজ খান ও সোহেল খানকে নিয়ে এসেছিলেন সালমান। আর সেখানেই তাকে কপিল প্রশ্ন করেন সুপারস্টারের এই ‘নো কিসিং পলিসি’ নিয়ে। সেই প্রশ্নের সোজাসাপটা উত্তরে সালমান বলেন, ‘দেখুন পর্দায় আমি নায়িকাকে চুমু খাই না। কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই।’
আর ঠিক সালমানের এই জবাবের পরই এক অদ্ভুত প্রতিক্রিয়া দিয়ে হাসতে হাসতে ভাই আরবাজ খান বলেন, “আসলে ও অফস্ক্রিনেই এত চুমু খাওয়ার সুযোগ পায় যে অনস্ক্রিন আর চুমু খাওয়ার প্রয়োজন পড়ে না।’’ আরবাজের এই উত্তরে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সালমান।