প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:৩১ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ১২:২৭ এএম

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজনে প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে শহরের নিউমার্কেট মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনের পরেই হামলার এঘটনায় চিহিৃত ভাড়া করা সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহি সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌফিকুজ্জামান লিটু, মমিনুর রহমান, মুনসুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (৩০ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার মাদকাসক্ত আওয়ামী দোসর আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পাসহ ভাড়া করা সন্ত্রাসীরা। এই ঘটনায় অন্তত ৩০ সাংবাদিক গুরুতর আহত হন।
এরপরেই এই হামলার প্রতিবাদ জানিয়ে একাধীক সাংবাদিক মানববন্ধন ও সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতির আবুল কাসেম বলেন, ‘সামগ্রিক প্রেক্ষিতে জেলা প্রশাসনের আহবানে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এরই প্রেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত সাংবাদিকদের সকল আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।’
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানিয়েছেন, হামলার ঘটনায় ভাড়া করা সন্ত্রাসী সাব্বির হোসেনকে শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ব্যক্তি মাদকগ্রহণ করে থাকেন বলে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম