প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ২:৩৪ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ৩:০৫ PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন দুর্ধর্ষ ডাকাত, তাদের নারী সহযোগী ও একজন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: সোহেল (২৩), মোঃ সুমন উদ্দিন (৩৫), নারী সহযোগী মোছাঃ পারুল বেগম (৩২), প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জল বনিক (৪২)
এই সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি ও পাইপগান) অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ২ বোতল চেতনানাশক ঔষধ, ১২ ভরি ৮ আনা তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুড়ি, ১০ ভরি ১৩ আনা চোরাই রুপার অলংকার।
অভিযানের সময় ডাকাতদের দেওয়া তথ্যমতে, বিভিন্ন স্থানে লুকানো আরও ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যা বিভিন্ন সময়ে ডাকাতির মাধ্যমে লুট করা হয়েছি
হাতিয়া স্টেশন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার বিএন হারুন অর রশীদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও উপকূলীয় এলাকায় ডাকাতি, স্বর্ণ চুরি ও পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।”
অভিযানে কোস্ট গার্ড ও পুলিশের একাধিক টিম অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চারজনকেই হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরশান অফিস লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আহম্মদ বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বদেশ প্রতিদিন /কেআইকে