প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৮:৩৪ PM

বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে অস্ত্রের ম্যাগজিন উদ্ধারের ঘটনায় নানা আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ‘অনেকে বলছেন তিনি একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। আসলে এটা একে-৪৭ নয়, এটি তার একটি পিস্তলের খালি ম্যাগজিন, যা ভুলবশত তার ব্যাগে থেকে গেছে।’
বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগজিন পাওয়া ও তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা সেই ইস্যুতে তিনি বলেন, ‘একটি পিস্তলের খালি একটি ম্যাগজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে- আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল ফোন নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।’
বৈধ লাইসেন্স পেতে বয়স ত্রিশ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ত্রিশ হয়নি। তাহলে উনি এটা কীভাবে পেলেন?- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
এয়ারপোর্টে দুই দফা স্ক্যানিং করার পরও এটা ধরা পড়েনি। তৃতীয় দফায় গিয়ে এটি ধরা পড়েছে। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে কী বলবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধরেন আমার ভাই একজন নেতা। উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পান। এ প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়। সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, এজন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম