প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:১৪ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ। তবে এই সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বরিশালে সর্বোচ্চ রোগী ভর্তি
নতুন ৪২৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা: বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত ৩৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯৬ জন রোগী, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।
এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বদেশ প্রতিদিন/এমএম