প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর মা মোছা. আছফুল বেওয়া মঙ্গলবার (৬ অক্টোবর) ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবু (১৯) নামের ওই যুবকের সঙ্গে তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবু মোবাইল ফোনে ওই তরুণীকে ডেকে নেন। পরে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে তরুণীর মা বাবুর সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ার কথা বলেন। তখন বাবু টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে বাবু তরুণীকে তার বাড়ির পাশে রেখে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিয়ের দাবিতে ওই তরুণী বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। অভিযোগকারীর দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি