প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:১৪ পিএম

ফাইল ছবি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা জমি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।
আদালতের আদেশে নুরুজ্জামানের গাজীপুরের পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা জমি এবং লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় ৭ শতক জমি জব্দ করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা লালমনিরহাটের একই উপজেলায় ১১৬ শতক জমিও জব্দের আওতায় এসেছে।
এ ছাড়া দুদকের আবেদনের ভিত্তিতে নুরুজ্জামানের নামে থাকা ৩২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৬ কোটি ২৬ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। একইভাবে, হোসনে আরা বেগমের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে, যেখানে রয়েছে ৮১ লাখ ৬৫ হাজার টাকা।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের নামে পৃথক তিনটি মামলা করে দুদক। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, তদন্তে নুরুজ্জামান পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও হিসাব বহির্ভূত সম্পদ সংরক্ষণের প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে এসব অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে কমিশন।
স্বদেশ প্রতিদিন/এনআর