কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তি— এমন হুমকির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ এবং অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ডাকা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি কার্যত দেশের রাজস্ব ও বাণিজ্য কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করেছে। ফলে ভবনের ভেতরে কেউ ঢুকতেও পারছেন না, বের হতেও পারছেন না।
আরও পড়ুন
শনিবার (২৮ জুন) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে কোনো কার্যক্রম চলছে না। আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা সচল রাখা হয়েছে।
সকাল ১১টা পর্যন্ত রাজস্ব ভবনের সামনের সড়কে ছিল কর্মকর্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি। নিরাপত্তা নিশ্চিতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এবং সাঁজোয়া যানও রাখা হয়েছে।
রাজস্ব ভবনের সামনে অবস্থানরত কর্মকর্তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের দাবি খুবই স্পষ্ট- চেয়ারম্যানের অপসারণ এবং অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়া। যতক্ষণ না দাবি মানা হচ্ছে, ততক্ষণ এই কর্মসূচি চলবে।’
দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম কাস্টমস হাউসেও কার্যক্রম বন্ধ। পণ্য শুল্কায়ন বা ছাড়ের কোনো কাজ হচ্ছে না।
এক কর্মকর্তা বলেন, ‘পূর্বে কর্মবিরতির সময় কিছু কার্যক্রম চললেও আজ থেকে সম্পূর্ণ শাটডাউন। সবাই উপস্থিত থাকলেও কেউ কাজ করছেন না।’
আরও পড়ুন
চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম অ্যাফেয়ার্স সেক্রেটারি রেজাউল করিম স্বপন জানান, আমরা সিঅ্যান্ডএফ এজেন্টদের আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। ফলে তারাও আজ আসেননি।
ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কাজ এখন বন্ধ রয়েছে। আন্দোলনকারী কর্মকর্তারাও জানিয়েছেন, আন্তর্জাতিক যাত্রীসেবা সচল থাকবে, তবে অন্যান্য কার্যক্রমে কেউ অংশ নেবেন না।
স্বদেশ প্রতিদিন/এমএম