প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:৪৫ পিএম আপডেট: ২৭.০৬.২০২৫ ৯:২০ PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি সহ তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. জামিল মাহমুদের সভাপতিত্বে তার কার্যালয়ে আড়াই ঘণ্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যানসহ ১৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তিনটি মূল সিদ্ধান্ত নেওয়া হয়:
১. এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
২. এনবিআরের সম্প্রতি ইস্যু করা দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে।
৩. আগামী মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি এবং এনবিআরের সদস্যদের অংশগ্রহণে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ সংশোধন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সরকার আশা করছে, এই আলোচনার ভিত্তিতে সবার মতামতের আলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধন সম্পন্ন করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখতে জাতীয় স্বার্থে আন্দোলন স্থগিত রাখা হয়েছে। এনবিআরের সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দপ্তরে অবস্থান করে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে সরকার।
এই সিদ্ধান্তগুলো কার্যকর হওয়ার মাধ্যমে এনবিআরের সংস্কার-সংক্রান্ত সংকট প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর