
জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে গেজেট জারি করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর গেজেট জারি হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) তা প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মাসিক বিশেষ ভাতা হিসেবে পাবেন ২৮ হাজার ৮০০ টাকা। অতিরিক্ত মহাপরিচালক পাবেন ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক পাবেন ১৯ হাজার ২০০ টাকা।
উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬০০ টাকা।
সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা। আর সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পদে ভাতা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা।
সার্জেন্ট, এসআই ও উপসহকারী প্রকৌশলী পদে মাসিক বিশেষ ভাতা পাবেন ৭ হাজার ২০০ টাকা। ধর্মীয় শিক্ষক পদে ৬ হাজার ৬০০ টাকা এবং এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নায়েক পদে মাসিক বিশেষ ভাতা হবে ৩ হাজার ৮৮০ টাকা। অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাবেন ৪ হাজার ২০০ টাকা এবং কনস্টেবল ও কুক কনস্টেবল পাবেন ৩ হাজার ৯৬০ টাকা।
টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪০ টাকা। আর এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি পদে মাসিক ভাতা হবে ৩ হাজার ৬০০ টাকা।
গেজেটে বলা হয়েছে, নতুন নির্ধারিত হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরতরা অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী বিশেষ ভাতা পাবেন।
এ ছাড়া প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।
স্বদেশ প্রতিদিন/এস পি