প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে ২১ সেপ্টেম্বর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে তার নিয়োগ কার্যকর হলো।
ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
শপথের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন দেবাশীষ রায় চৌধুরী।
স্বদেশ প্রতিদিন/এস পি