প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:৩৮ AM আপডেট: ২৭.০৬.২০২৫ ৩:৫৩ PM

আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর অদূরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি অসুস্থ হন। পরে রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন
হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৯ টার দিকে তাকে ঢামেকের নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল হোসেন বলেন, ‘রাত আটটার দিকে হঠাৎ করেই কামাল হোসেন মজুমদার অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখন তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাবেক প্রতিমন্ত্রীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আরও পড়ুন
তবে কী ধরনের শারীরিক সমস্যা হয়েছে বা তার অবস্থা কতটা আশঙ্কাজনক- সেবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, কামাল আহমেদ মজুমদার একজন জ্যেষ্ঠ রাজনীতিক এবং দীর্ঘদিন ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বর্তমান সরকারবিরোধী বিভিন্ন মামলায় তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম