প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৫১ পিএম

টাঙ্গাইলের সখীপুরে তিনজন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) সকালে মারুফের খালার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
এরা হলেন উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।
‘কিছু একটা করে ফিরব’—চিরকুট লিখে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়। তারা উপজেলার তক্তারচালা তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী। গত রবিবার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা জানায় মাদ্রাসার নিয়ম কানুন কঠিন মনে হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছিল।
মাদ্রাসা সুপার মো. নুরুল ইসলাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং অভিভাবকরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে মারুফের মা জানতে পারে ওই তিন শিক্ষার্থী কালিয়াকৈর তার বোনের বাসায় অবস্থান করছে। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর