প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:১১ AM

প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করে শুরুটা হতাশাজনক হলেও দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় সোমবার (২৩ জুন) রাতে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এ জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল।
এদিন ম্যাচে জুড বেলিংহ্যাম, আর্দা গুলের ও ফেদেরিকো ভালভার্দে গোল করেন রিয়ালের পক্ষে।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। মাত্র সপ্তম মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও। ফলে প্রায় পুরো ম্যাচ ১০ জন নিয়েই খেলতে হয় ‘লস ব্লাঙ্কোস’দের।
তবুও ৩৫তম মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে রিয়ালকে এগিয়ে দেন। ৪৩ মিনিটে গার্সিয়ার পাস থেকে গোল করেন আর্দা গুলের, ব্যবধান হয় ২-০।
দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনেন কোচ জাবি আলোনসো। ৭০ মিনিটে ভালভার্দে গোল করে রিয়ালকে এনে দেন ৩-০ ব্যবধানের স্বস্তি। ৮০ মিনিটে একমাত্র গোলটি শোধ দেয় পাচুকা, তবে শেষ পর্যন্ত স্কোরলাইন আর বদলায়নি। এই জয়ে রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো তার ক্যারিয়ারের প্রথম জয় তুলে নিলেন।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে সালজবার্গের পয়েন্টও ৪। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে অস্ট্রিয়ান ক্লাবটি। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আল হিলাল। চার নম্বরে পাচুকা।
অন্যদিকে, ‘জি’ গ্রুপে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে মরক্কোর ক্লাব ওয়াইদাদকে। তুরিনের হয়ে জোড়া গোল করেছেন কেনান ইয়েলদিজ, একটি ভ্লাহোভিচ, আর একটি আত্মঘাতী গোল। এই জয়ে সহজেই গ্রুপে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে জুভরা।
স্বদেশ প্রতিদিন/এমএম