প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:১৮ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৭:০৫ PM

সংগৃহীত ছবি
ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না ইরান- এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আজ শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলের ধারাবাহিক হামলায় শত শত ইরানি নাগরিক নিহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এই প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক ইরান তার অবস্থান তুলে ধরবে এবং ইসরায়েলের হামলার বিরোধিতায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে। তবে যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে কোনো দীর্ঘমেয়াদি সমাধান আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
এরআগে, গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকানরা বারবার বার্তা পাঠিয়ে আলোচনা চাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সংলাপের জায়গা নেই।”
আরাঘচি আরো বলেন, “আমরা এমন কোনো দেশের সঙ্গে কথা বলব না, যারা এই অপরাধের অংশীদার। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের হামলা ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি, বরং পরোক্ষভাবে এ হামলার পেছনে রয়েছে।”