
২০২৪ সালের ঐতিহাসিক 'জুলাই গণঅভ্যুত্থানের' পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের পুনঃনামকরণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই প্রেক্ষাপটে শহীদ শিক্ষার্থী ও জাতীয় ব্যক্তিত্বদের নামে হলগুলোর নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা।
বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব ও সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রস্তাবনা পেশ করা হয়।
প্রস্তাবিত নামগুলো হলো— ১০ নম্বর (ছাত্র) হলের নাম ‘শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক হল’, ২১ নম্বর (ছাত্র) হলের নাম ‘শহীদ শ্রাবণ গাজী হল’ অথবা ‘শহীদ আসহাবুল ইয়ামিন হল’, ১৩ নম্বর (ছাত্রী) হলের নাম ‘শহীদ নাফিসা হোসেন মারওয়া হল’ এবং ১৫ নম্বর (ছাত্রী) হলের নাম ‘শহীদ ফেলানি খাতুন হল’।
প্রস্তাবে বলা হয়, “জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায় ও ন্যায্যতার লড়াই, আত্মত্যাগ ও প্রতিরোধের ইতিহাসকে স্মরণীয় করতে হলে আবাসিক হলগুলোর নামকরণ হওয়া উচিত প্রাসঙ্গিক শহীদদের নামে।”
শের-এ-বাংলা এ.কে. ফজলুল হককে "বাংলার বাঘ" হিসেবে উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, তিনি বাংলার প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন এবং কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ছাত্রশিবিরের প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন MIST-এর শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন এবং প্রবাসফেরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রাবণ গাজী।
তবে শহীদদের তালিকায় সবচেয়ে কম বয়সী নাফিসা হোসেন মারওয়া, যিনি এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন এবং সাভারে আন্দোলনের সময় প্রাণ হারান। আর শহীদ ফেলানি খাতুন— যিনি ২০১১ সালে বিএসএফের গুলিতে নিহত হন—তাঁর নামকরণকে “ভারতীয় আধিপত্য ও সীমান্ত সহিংসতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ” হিসেবে ব্যাখ্যা করা হয়।
ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়, “এই শহীদদের আত্মত্যাগ জাতীয় চেতনার শক্ত ভিত নির্মাণে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের যেসব আবাসিক হলের এখনো নাম নির্ধারিত হয়নি, সেগুলো যেন এই শহীদদের নামে নামকরণ করা হয়—এটাই আমাদের দাবি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত খসড়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় সংগঠনটি এই বিকল্প নামগুলো জমা দিয়েছে বলে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ