প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৪২ AM

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সকল অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষাকালীন সক্রিয় মেঘমালার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে, বিশেষ করে পাহাড়ি ও উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম