প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৩৩ AM

রাজধানীর পল্টনে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য। আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।
বুধবার (১৮ জুন) রাত পৌনে একটার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব।
অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামানো হলে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ করে গুলি চালায়। এতে এএসআই আতিক হাসানের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।
দুই জনকেই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এএসআই আতিক হাসানকে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে এবং কনস্টেবল সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের বরাতে হাসপাতাল সূত্র জানিয়েছে, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি।
ঘটনা প্রসঙ্গে লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। এ সময় মাদক কারবারিরা হঠাৎ করে গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম