প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:২৫ AM

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে পুলিশ সদরদপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের দাবি, তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়েও মিসাইল হামলা চালানো হয়েছে। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। এই কার্যালয়টি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংস্থার প্রধান কেন্দ্র।
একই দিন ইরানের বিভিন্ন অঞ্চলে একযোগে হামলা চালানো হয়। টার্গেট ছিল দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক অবকাঠামো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ইস্ফাহান, সিরাজ এবং কেরমান শাহ এলাকায় পারমাণবিক কার্যক্রম সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
এছাড়া বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাজ শহর ও তার নিকটবর্তী একটি বিমানবন্দরের আশেপাশে।
আইডিএফ জানিয়েছে, একদিনেই তারা ইরানের ৬০ টিরও বেশি স্থানে সফল হামলা চালিয়েছে। তেহরানে অবস্থিত সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অ্যান্টি-ট্যাংক মিসাইল তৈরির কারখানাও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।
পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর হামলা চালিয়েছে ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শোনা গেছে। ইরানি মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে দখলকৃত জেরুজালেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও।
তথ্যসূত্র: রয়টার্স
স্বদেশ প্রতিদিন/এমএম