প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:২৭ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ‘অবৈধ বহিষ্কার’ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘স্বেচ্ছাচারী আচরণ’-এর বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। আগামী ২১ জুন, সকাল ৮টা থেকে রাজধানীর নতুনবাজার মোড়ে তারা অবরোধ ও অবস্থান কর্মসূচি শুরু করবেন।
আজ বুধবার (১৮ জুন) শিক্ষার্থীদের একটি সংগঠন ‘পুসাব’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরেই তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে আসছে।
এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আমরা বহুবার শান্তিপূর্ণভাবে নিজেদের কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদের শোনেনি। অবিচার ও হয়রানির বিরুদ্ধে এবার আমরা নিজেরাই রুখে দাঁড়াব।”
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
তাদের ভাষায়, “জুলাই আসছে। এবার একসাথে প্রতিবাদে নামার সময়। দেখা হবে ২১ জুন, রাজপথে।”
শিক্ষার্থীরা সবাইকে তাদের এই ‘ন্যায়সংগ্রামে’ পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ