প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:৫৪ পিএম

সংস্কার হচ্ছে যাচ্ছে ঝুঁকিপূর্ণ কালভার্ট।
“ঝুঁকিপূর্ণ কালভার্টেই চলাচল করছে মানুষ”- এ শিরোনামে স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজার সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত পুরাতন ও ঝুঁকিপূর্ণ কালভার্ট’টি নিয়ে টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নিজের দায় এড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. তোরাপ আলী।
জানা যায়, কালভার্টটি উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থিত। এটি দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগী চলাচল করে থাকেন। বিকল্প কোনো সহজ রাস্তা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই এই ভাঙা কালভার্ট দিয়ে যাতায়াত করছিলেন সবাই।
স্থানীয় বাসিন্দা মীর টুটুল বলেন, “অনেক দিন পর দেখলাম সত্যিকার অর্থে একটি সংবাদের প্রভাব কতটা হতে পারে। এখন অন্তত মনে হচ্ছে কেউ আমাদের কষ্ট দেখছে।”
এ বিষয়ে অন্যান্য স্থানীয়রা বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও দুর্ভোগের চিত্র গণমাধ্যমে উঠে আসায় এলজিইডি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং সংস্কার কাজ শুরু করে। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ চলাচলের অবসান ঘটবে।”
উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. তোরাপ আলী বলেন, “স্বদেশ প্রতিদিন অনলাইন পোর্টালে ‘ঝুঁকিপূর্ণ কালভার্টেই চলাচল করছে মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি সরাসরি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটির মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র উঠে আসে।”
তিনি আরো বলেন, “আমি ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে দ্রুত পদক্ষেপ নেই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তোলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে একটি নতুন কালভার্ট নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।”