প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:৪৪ পিএম আপডেট: ১৯.০৬.২০২৫ ১২:৪৪ এএম

টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১৮ জুন) বিকেলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এসব বিবেচনায় দেবতাখুমে যাতায়াত ও অবস্থান বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় ভ্রমণকারীদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
রোয়াংছড়ি ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “দেবতাখুম এলাকায় ইতোমধ্যে দুটি দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। আগামী ২৫ জুনের পর পরিস্থিতি বিবেচনা করে আবার খুলে দেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ