প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:২৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের এক হেল্পার (চালকের সহকারী) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাস পাল্লা দিয়ে চলছিল, এর জেরেই ঘটে এ দুর্ঘটনা।
রোববার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার এসএনএস সিএনজি পাম্প সংলগ্ন ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের একটি বাস মহাসড়কে একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বিভাজকের ওপর উঠে পড়ে এবং পরে উল্টে যায়। এতে হেল্পার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত পাঁচজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”
নিহত ব্যক্তি ভিআইপি পরিবহনের হেল্পার ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
স্বদেশ প্রতিদিন/কেএইচ