
ভারতের প্রখ্যাত শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার (১৩ জুন) যুক্তরাজ্যের লন্ডনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
সঞ্জয় কাপুর ছিলেন অটোমোবাইল খাতের অন্যতম সফল ব্যবসা প্রতিষ্ঠান সোনা কমস্টার-এর চেয়ারম্যান। তবে বলিউড অঙ্গনেও তিনি পরিচিত ছিলেন কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে।
এদিকে সঞ্জয় কাপুরের মৃত্যুর পরই তার মৃত্যু ঘিরে কিছুটা অদ্ভুত ধরনের খবর প্রকাশ্যে আসে।
কিছু সূত্র দাবি করে যে, এ ধনাঢ্য ব্যবসায়ীর মৃত্যু একটি মৌমাছির কামড়ের কারণে হয়েছে! তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন এবং সেই ভয়েই তাৎক্ষনিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, সঞ্জয় চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিষয়টি এতই দ্রুত ঘটে যায়, চিকিৎসারও কোনো সুযোগ মেলেনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সঞ্জয় লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। দ্য টেলিগ্রাফ-এর বরাত দিয়ে উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, পোলো ম্যাচ চলাকালীন উপস্থিত দর্শকরা শুনেছিলেন যে সঞ্জয় কিছু একটা বলেছিলেন। তার কথাটি ছিল, ‘আমি কিছু গিলে ফেলেছি।’
এ কথায় উপস্থিত অনেকে ধারণা করেন যে তিনি সম্ভবত একটি পোকা গিলে ফেলেছেন। পরে প্রতিবেদনে দাবি করা হয়, তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী সুহেল সেঠ এএনআই-কে বলেন, ‘সঞ্জয় ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পোলো ম্যাচ চলাকালীন একটি মৌমাছি গিলে ফেলার পর হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।’
যদিও সঞ্জয় কাপুরের কম্পানি সোনা কমস্টার এক বিবৃতিতে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করেছে।
মৌমাছির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
২০০৩ সালে সঞ্জয় কাপুর বলিউড তারকা কারিশমা কাপুরকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। ২০১৬ সালে বিচ্ছেদের পর ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়, তাদের এক পুত্র সন্তান রয়েছে।
বিচ্ছেদের পরেও কারিশমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়। প্রাক্তন স্বামীর এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন কারিশমাও, পারিবারিক সূত্রে জানা যায়।
স্বদেশ প্রতিদিন/এমএম