প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:৫২ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর তা ঘিরে দেশে কোনো অস্থিতিশীলতা যাতে না ঘটে, সেজন্য পুলিশ বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৫ জুন) রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশন (ইসি) যখন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, তখন সেই অনুযায়ী দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।”
বৈঠকে ভারত থেকে পুশব্যাক ইস্যু নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যদি তারা বাংলাদেশের নাগরিক হন, তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠাতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশের নাগরিক হলে আমরা তাদের গ্রহণ করব।”
এছাড়া রাজধানীর উত্তরা এলাকায় র্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বৈঠকে সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।