প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:০৯ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৩ জুন) দিনগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। পরদিন শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন—মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদারী গ্রামের আব্দুল খালেক (১৮), আব্দুল সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্ত ব্যাপারী (১৭) ও সবুজ মিজি (১৮)।
লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, চাঁদপুর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে তালিকাভুক্ত অপরাধীদের টার্গেট করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি, একটি এন্টি কাটার, একটি কাঁচি এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তারদের মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।”
এই অভিযান চাঁদপুর জেলায় চলমান সন্ত্রাস ও অস্ত্রবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ