প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৫৫ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার তৈন খালে ভেসে আসা আরও এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পর্যটকে নাম স্মৃতি আক্তার (২২)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাকি সাভার গ্রামের বাসিন্দা মো: হাবিবুর রহমান এবং রুপিয়া বেগমের কন্যা বলে জানা গেছে।
শুক্রবার (১৩ জুন) সাড়ে ১০টায় আলীকদমের তৈনখালের আমতলী ঘাটে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার ১১ জুন "ট্যুর এক্সপার্ট গ্রুপের" এডমিন বর্ষা'র নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদমে এসেছিলেন। এদলে কো-হোস্ট মো. হাসান চৌধুরী'সহ স্থানীয় টুরিস্ট গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা'র সহায়তায় তারা আলীকদমে দুর্গম ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করার জন্য যাচ্ছিল। এসময় পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ২২ জনের একটি দলের মধ্যে ১৯ জন সদস্যকে বর্তমানে আলীকদম থানায় রাখা হয়েছে। তবে থানায় তাদের মানবেতর অবস্থায় রাখা হয়েছে বলে জানান পর্যটকরা। এছাড়া নিখোঁজ হওয়া তিন জনের মধ্যে জুবাইরুল ইসলাম (২৭) এর মরদেহ গত বৃহস্পতিবার ভোরে মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে নারী পর্যটক স্মৃতি আক্তারের মরদেহ তৈনখালের আমতলী ঘাট থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় কো-হোস্ট মো. হাসান চৌধুরী এখনও নিখোঁজ রয়েছেন।
আলীকদম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিখোঁজ মো. হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থল দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকা হওয়ায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর