প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:১৪ পিএম

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় ইরাকসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটি থেকে কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আংশিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন সেনাদের নির্ভরশীলদের জন্য "স্বেচ্ছামূলক প্রস্থান"-এর অনুমতি দিয়েছেন। এতে বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
একই সঙ্গে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ‘সব অপ্রয়োজনীয় কর্মী’কে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে কূটনৈতিক কার্যক্রম সীমিত পরিসরে চালানো হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এই অঞ্চলটি বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই আমরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। এখন দেখা যাক কী হয়।” তিনি আরও বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না—এটা আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা সেটা কখনোই হতে দেব না।”
ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপট
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওয়াশিংটনে কর্মকর্তারা আশঙ্কা করছেন—ইসরায়েল শিগগিরই ইরানের ওপর হামলা চালাতে পারে এবং এর জবাবে ইরান প্রতিবেশী ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েল ও ইরান উভয় পক্ষ থেকেই হুমকি-ধমকির মাত্রা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে। সুত্র : আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/কেএইচ