প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান প্রাণ কোম্পানিতে চাকরি করতেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া মোড়ে বিজিবি চেকপোস্টের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব বিরামপুর উপজেলার বিজুল গ্রামের বাসিন্দা ছিলেন।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা মিয়া জানান, বিপ্লব মোটরসাইকেলে করে বিরামপুর থেকে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে একটি মাইক্রোবাস থামিয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ