প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:২৫ পিএম

আবারো সাগরে নামছেন জেলেরা
শেষ হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা। জেলেদের মুখে ফিরছে হাসি। উপকূল জুড়ে চলছে কর্মচাঞ্চল্য।
আজ বুধবার (১১ জুন) মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ করে বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা যাবে। এই নিয়ে জেলেদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
এরআগে, গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে প্রতিবছরই এরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, এ বছরই প্রথমবারের মতো ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে এই সময়সীমা নির্ধারণ করা হয়।
ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এবার মাছের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন। জেলেরা জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে এই আশা জেলেদের।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানিয়েছেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। যা সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।