প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৫:১৮ পিএম আপডেট: ১১.০৬.২০২৫ ৬:০৪ PM

রবী ঠাকুরের কাছারিবাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (১১ জুন) কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদফতরের সরাসরি তত্তাবধানে রয়েছে।
এরআগে, গত ৮ জুন ঈদের ছুটিতে কাছারিবাড়িতে ঘুরতে আসা এক দর্শনার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর ১০ জুন বিক্ষুব্ধ জনতা কর্তৃক অফিস ও অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসাথে সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক ৩ সদস্য গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক তদন্তে আসা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন। তিনি আরও জানান, রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী ১১ জুন শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভিতওে আটকিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গত ১০ জুন মঙ্গলবার শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”