প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:৫৩ পিএম

সংগৃহীত ছবি
ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে কয়েকদিনের টানা বিক্ষোভের পর লস অ্যাঞ্জেলেস শহরে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ অমান্য করে রাস্তায় নামায় ‘গণ গ্রেফতার’ অভিযান শুরু করেছে পুলিশ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ মঙ্গলবার রাতে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানায়, “কারফিউ কার্যকর রয়েছে। অভিবাসী বিক্ষোভকারীদের দমন করতে গণ গ্রেফতার শুরু হয়েছে।”
শহরের ডাউনটাউন এলাকায় বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে মেয়র কারেন ব্যাস সোমবার রাতে কারফিউ জারি করেন। তার ভাষ্য অনুযায়ী, “কারফিউ প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে শহরের কেন্দ্রীয় অংশ কভার করবে।” তিনি আরও জানান, পরিস্থিতির ওপর নির্ভর করে কারফিউ কয়েকদিন স্থায়ী হতে পারে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, “শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা এবং সম্পদ রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। গত শনিবার থেকে অবৈধ ও বিপজ্জনক আচরণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্যে তিনি বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ ও ‘জন্তু’ বলে অভিহিত করেন। তার এ মন্তব্যে সেনাদের একটি অংশ করতালি ও উল্লাসে সাড়া দেয়।
এর আগে, লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন অংশে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর