প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:৩৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর সহ ৫ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১০ জুন) রাতে দুই জেলার সীমান্তবর্তী এলাকা মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদীর বরিশাল গেট চাইনিজ রেস্টুরেন্টের (হাইওয়ে রেস্টুরেন্ট) সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ।
আহতরা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক (২৩) ও যুগ্ম আহ্বায়ক কিরন আক্তার (২৬)। তারা দুইজনই মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাদের দু’জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা জানান, মঙ্গলবার দিনব্যাপী একটি মিনি ট্রাকে করে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের বাড়ি বাড়ি মৌসুমী ফল পৌঁছে দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির নেতাকর্মীরা। ফলগুলো বিতরণ শেষে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে ট্রাকে করেই ফিরছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে আসলে মিজান পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তাদের মিনি ট্রাককে রাস্তার পাশে চাপ দেয়। এরপর মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকার বরিশাল গেট রেস্টুরেন্টে এসে গাড়িটি দাঁড়ালে চাপ দেয়ার কারণ জানতে চায় বৈষম্য বিরোধী নেতারা। এসময় গাড়ির শ্রমিকরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের গালিগালাজ করে এবং নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে বাসের হেলপার। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রেস্টুরেন্টের ছাদে থাকা একদল কিশোর লাঠিসোটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
উল্লেখ্য, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেয়ার হুশিয়ারী দিয়েছেন মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর জানান, রেস্টুরেন্টে আমরা খাওয়া-দাওয়া করার জন্য আসি। এসময় আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতৃবৃন্দ কিরন ও আশিক গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।
এ ব্যাপারে গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”