
দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১১ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এই নির্দেশনাগুলো তুলে ধরেন।
তিনি জানান, সম্প্রতি প্রতিবেশী দেশসহ বাংলাদেশেও করোনা সংক্রমণের হার বেড়েছে। ইতোমধ্যে ভাইরাসটির বেশ কিছু নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ফলে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কায় দেশের সকল স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা:
১. জনসমাগম এড়িয়ে চলুন; উপস্থিত হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
২. শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক পরুন।
৩. হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢাকুন।
৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন।
৫. ঘনঘন সাবান ও পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে (কমপক্ষে ২০ সেকেন্ড) হাত ধুতে হবে।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৭. আক্রান্তদের কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
সন্দেহজনক রোগীদের জন্য করণীয়:
১. জ্বর, কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত ঘরে অবস্থান করুন।
২. রোগীকে মাস্ক ব্যবহার করতে বলুন।
৩. রোগীর সেবাদানকারীদেরও মাস্ক ব্যবহার করতে হবে।
৪. প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতাল, আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর