প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৬:২৯ পিএম

পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তিনি সুইডেনের উদ্দেশে ইসরায়েল ছেড়েছেন বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।
এর আগে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে ইসরায়েল। ওই জাহাজে গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন। পরে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এ তথ্য জানা যায়। তাদের তথ্যানুযায়ী, গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনের উদ্দেশে ইসরায়েল ত্যাগ করেছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল ব্যারো এ বিষয়ে জানান, জাহাজটিতে থাকা ফরাসি ছয় নাগরিকের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে সম্মত হয়েছেন। বাকিরা আদালতের মুখোমুখি হবেন।
তিনি আরো বলেন, আজই একজন স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি পাঁচজনকে জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে রাখা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ জুন) ভোরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই দলটির কর্মীসহ বাকিরা নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছায়। এ সময় যারা বহিষ্কারের নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবে, তাদের আদালতের সামনে হাজির করা হবে।
ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, তুর্কি, সুইডিশ, স্প্যানিশ ও ডাচ কর্মী থাকা ওই নৌযাত্রার উদ্দেশ্য ছিল, গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানো।
সূত্র: এএফপি
স্বদেশ প্রতিদিন/আইজেপি