প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ৮:৪৭ PM

এনসিপির নেতাকর্মীরা
“ভারতের চাপে পড়ে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
আজ সোমবার (৯ জুন) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা ১০ আসনের আওতাধীন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি কেন শুধু ডিসেম্বরেই নির্বাচন চায়? এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। তারা এক মাস আগে নভেম্বরেও চায় না, একমাস পর জানুয়ারিতেও চায় না? আমরা সন্দেহ করি বিএনপি ভারতের চাপে সংস্কার ও বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। কারণ ড. মো. ইউনূস আগামী বছর জুনের আগে সকল গুম খুনের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এই গুম খুনের সাথে জড়িত তারাই মূলত নির্বাচনটা আগে দিয়ে এই বিচার কাজ বাধাগ্রস্ত করতে চাচ্ছে।”
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন শিশির আরো বলেন, “জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন, গুম খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি করতে হবে গণপরিষদ নির্বাচন। আর যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্তে থাকি তাহলে এখানে আবারো ফ্যাসিস্ট তৈরি হবে। ইতোমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি।”
জয়নাল আবেদীন শিশির বলেন, “বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হল স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সকল সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায় সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই। যেহেতু এখনো দশ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) আছে তাদের সক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত। এছাড়া ডাকসু, জাকসু, চাকসু সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেওয়ার মর্যাদা তারা পাবে।”
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ইয়াছিন আরাফাত হিমু প্রমুখ। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে পরিচিতি সভাটি জনসভায় রূপান্তরিত হয়।