প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:৫৬ পিএম

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়ে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।
বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে নিয়ে করেছেন কুরবানী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ, এবং আমি ইচ্ছা করেই ক্যাম্পাসেই আছি। শুনেছি কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছে। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আশা করছি ভালো সময় কাটবে।"
প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও আমাদের কিছু শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে। তাদের জন্য উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানী হুজুরের নামে কোরবানির আয়োজন করা হয়েছে- যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ও একটি পরিবার, আর পরিবারে আনন্দ ভাগাভাগি করাই স্বাভাবিক। আমি ঈদের নামাজ ক্যাম্পাসে আদায় করব এবং ইনশাআল্লাহ দুপুরে হলে যাওয়ার চেষ্টা করব।”
হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, আজ আনন্দের একটি দিন। পরিবার থেকে দূরে ঈদ করছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের এমন আয়োজন যেন আমাদের সেই অভাবটুকু বুঝতে দেয় নি।"
স্বদেশ প্রতিদিন/এনআর