পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৯:৫৮ PM

এবারের পবিত্র হজে মসজিদে নামিরাহ থেকে খুতবা প্রদান করেছেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ।
হজের মূল খুতবার সাথে বাংলাসহ বিশ্বের ৩৫ টি ভাষায় এর অনুবাদ সরাসরি প্রচার করা হয়।
উল্লেখ্য, এবার হজের খুতবার বাংলা অনুবাদ করেছেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী।
সর্বপ্রথম ২০১৮ সালে বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় অনুবাদ প্রচার করা হয় হজের খুতবার। এরপরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় এর অনুবাদ করা হয়। ২০২৩ ও ২০২৪ সালে তা বাড়িয়ে ২০টি ভাষায় অনুবাদ করা হয়।
প্রসঙ্গত, ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। ১৯৭৫ সালে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন এবং একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে। পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা শুরু করেন তিনি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন তিনি। এছাড়া সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
আজ সৌদি আরবে ৯ জিলহজ হাজিদের আরাফায় অবস্থানের দিন। হজের অন্যতম রোকন বা ফরজ হলো ‘উকুফে আরাফাহ’ বা আরাফার ময়দানে অবস্থান করা।
নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আল-হাজ্জু আল-আরাফাহ’ অর্থাৎ আরাফার ময়দানে উপস্থিত হওয়াই হজ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি