প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ২:০৮ পিএম
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে এই ভোটে
ভেটো দিয়ে উদ্যোগ ভেস্তে দিয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (৪ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এ প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪টি দেশ ভোট দেয়।
উল্লেখ্য, গত নভেম্বরের পর থেকে ১৫ সদস্যের এই সংস্থার এটিই প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয়।
নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটককৃত সব জিম্মিদের নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতি’ তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছিল।
ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি বলেন, তারা এমন কোন প্রস্তাবে সম্মতি দেবে না, যেখানে এই সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। ভোট গ্রহণ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া ১৫ সদস্যের কাউন্সিলের ১০টি দেশের উপস্থাপিত প্রস্তাবের প্রতি স্পষ্ট বিরোধিতা করেন।
ডরোথি শিয়া বলেন, এই সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে। যেখানে তারা বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর মাধ্যমে এটি হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা হয় যে তারা আর কখনও ইসরায়েলকে হুমকি দেওয়ার মতো অবস্থানে থাকবে না।
স্বদেশ প্রতিদিন/আইজেপি