প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৩৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু টেক্সটাইল নামের একটি কারখানার বিষাক্ত পানি ছেড়ে জলবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখেন তারা।
বুধবার (৪ জুন) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী করা হয়।
স্থানীয় সূত্রানুযায়ী, নান্নু, মনোয়ারা টেক্সটাইলসহ ৪ টি কারখানার ডাইয়িংয়ে ব্যবহৃত বিষাক্ত পানি ইটিপি প্লানের মাধ্যমে নিষ্কাশন না করে সরাসরি এলাকার ভিতরে ছেড়ে দেওয়া হয়। এতে সাধারণ মানুষের বাড়িঘর, সড়ক তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩ জুন) বিকেলে নান্নু টেক্সটাইল ফের পানি ছেড়ে দেয়। এতে বাঁধা দিতে গেলে এলাকাবাসীর কয়েকজনকে ওই কারখানার ভাড়াটিয়া সন্ত্রাসী হানিফসহ কয়েকজন মিলে হামলা চালায়। এসময় স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর মাহমুদ ভিডিও ধারণ করতে গেলে তাকে লাঞ্ছিত করে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
এরই প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ কর্মসূচী করেছেন বলে জানান তারা। তারা বলেন, ইউএনও, এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছেন। এরপরও এর সুষ্ঠু কোনো সমাধান না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে।
স্থানীয়রা আরো জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে নদী ভাঙা অঞ্চলের মানুষ এই এলাকায় জমি ক্রয় করে বাড়ি-ঘর নির্মাণ করেছেন। কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। বর্ষাকালে পানি থাকার কথা থাকলেও এখানে পানি থাকে বারোমাসই। এর কারণ হলো বিভিন্ন কারখানা থেকে ছেড়ে দেওয়া বিষাক্ত পানি। তারা তাদের ডাইংয়ের পানি ইটিপি প্লান ব্যবহার না করে এলাকায় পানি ছেড়ে দেয়। এর ফলে তৈরি হয় জলবদ্ধতা।
ভুলতা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জাহানুর এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করা হয়েছে মহাসড়কের যান চলাচল। কারখানার কর্তৃপক্ষ ও বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে দ্রুতই এর একটি সমাধান করা হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এলাকাবাসী ও কারখানার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। সমস্যা সমাধানে আশাবাদী।
স্বদেশ প্রতিদিন/আইজেপি