প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১:৩৭ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৭:৩৮ PM

ঈদ ঘিরে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। এ কারণে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহন পার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭টি যানবাহন পার হয়েছে, এর বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।
এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই বলে জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। তিনি জানান, যানজট নিরসনে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ এবং মোটরসাইকেলের জন্য ৪টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দুটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয়ে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে, যাতে মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘এলেঙ্গা হাইওয়ে পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক কাজ করছে। ঈদ যাত্রায় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য আমরা সতর্কভাবে কাজ করছি। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই।’
স্বদেশ প্রতিদিন/এমএম