আ. লীগ নেত্রীর বাড়ির সেপটিক ট্যাংকে মিললো ৬ বছরের শিশুর লাশ
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ২:০১ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম লামিয়া।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, যে বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িটি স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রূপার। আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে গত বছর ৫ আগস্ট তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই বাড়িটি মাদকসেবী ও অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছিল।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বলেন, ‘নিহত লামিয়া উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের গার্মেন্টসকর্মী নাজিমের মেয়ে। বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। দুই বোনই নানা আব্দুর রশীদের বাড়িতে থাকতো।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিকেলে নানা বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। রাত ৮ টার দিকে তার নানা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ সারারাত অভিযান চালিয়ে ভোরে রূপার বাড়ির সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় লামিয়ার মরদেহ উদ্ধার করে।’
ওসি আরও জানান, শিশুটির মুখে স্কচটেপ লাগানো ছিল এবং মরদেহ উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অভিযানের সময় পরিত্যক্ত বাড়িটির কক্ষগুলো থেকে জন্ম বিতরতিকরণ উপকরণসহ ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এমএম