প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:৩৬ AM আপডেট: ০৪.০৬.২০২৫ ৬:০৫ PM

হজ উপলক্ষে মক্কায় বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা
পবিত্র হজ উপলক্ষে হাজিদের আরাম ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেট ও গালফ নিউজের।
নতুন এই ব্যবস্থায় প্রতি ঘণ্টায় এক লাখ ৫৫ হাজার টন ‘থার্মাল ইউনিট’ পরিমাণ বাতাস শীতল করা যাবে। মক্কার গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর পুরো এলাকা, করিডরসহ সকল জায়গা থাকবে এই শীতলীকরণ ব্যবস্থার আওতায়।
গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ, করিডরসহ পুরো মসজিদই এই শীতলীকরণ ব্যবস্থার আওতায় থাকবে। ব্যবস্থাটি নির্ভর করে মূলত দুটি স্টেশনের ওপর। একটি হচ্ছে এক লাখ ২০ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আল-শামিয়া স্টেশন।
অন্যটি হচ্ছে ৩৫ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আজিয়াদ স্টেশন। পুরো মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিদের জন্য মাঝারি ও স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এই দুই স্টেশন।
উন্নত পরিশোধন প্রযুক্তিগুলো ব্যবহার করে সর্বোত্তম বায়ুর মান নিশ্চিত করে শীতলীকরণ ব্যবস্থাটি।
শুধু ঠান্ডা বাতাসই নয়, এই ব্যবস্থায় রয়েছে উন্নত পরিশোধন প্রযুক্তি। বাতাস ছড়িয়ে পড়ার আগেই তা প্রায় ৯৫ শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায়। ফলে হাজিরা পাবেন একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই শীতলীকরণ ব্যবস্থা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে যেন হজের সময় কারও কোনো ভোগান্তি না হয়।
সূত্র: গালফ নিউজ
স্বদেশ প্রতিদিন/এমএম