প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১২:৩৮ পিএম

গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার স্পষ্ট মন্তব্য করেছেন যে, ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।
স্থানীয় সময় সোমবার (২ জুন) একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে।
বাইডেন প্রশাসনের শেষ দুই বছর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী মিলার স্কাই নিউজকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’
মিলার বলেন, ‘আমি মনে করি না এটা গণহত্যা। কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে- এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধ সংঘটনের বিষয়ে দুটি ভাবে চিন্তা করা যায়। প্রথমত, রাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি গ্রহণ করে বা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে। রাষ্ট্র কি যুদ্ধাপরাধ করছে?
স্টেট ডিপার্টমেন্টের সাবেক এই মুখপাত্র বলেন, ‘গাজা প্রসঙ্গে এটি একটি উন্মুক্ত প্রশ্ন বলে আমি মনে করি। কিছু ইসরায়েলি সেনা বা সামরিক ইউনিট এমন আচরণ করেছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।’
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ছিলেন ম্যাথিউ মিলার।
সূত্র: স্কাই নিউজ
স্বদেশ প্রতিদিন/এমএম