প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১২:২৮ পিএম

শেখ হাসিনাসহ ৭ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিলেন সালাহউদ্দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে তিনি এ অভিযোগপত্র জমা দেন। এর আগে গত বছরের ১৫ অক্টোবর গুমসংক্রান্ত জাতীয় কমিশনেও একই অভিযোগ দাখিল করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। প্রায় দুই মাস পর, ওই বছরের ১১ মে, ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তাকে খুঁজে পাওয়া যায়। সে সময় স্থানীয় পুলিশ তাকে আটক করে এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ‘ফরেনার্স অ্যাক্ট’-এর আওতায় মামলা করে।
পরে মামলার বিচার শেষে ২০১৮ সালে নিম্ন আদালত সালাহউদ্দিনকে খালাস দেন। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।
নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ ৬১ দিনের মাথায় আমাকে আরেকটি দেশে প্রচার করে তারা। এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল, সেই রুমের বর্ণনাসহ নানা বিষয় আমি গুম কমিশনের কাছে বলেছি।
স্বদেশ প্রতিদিন/এমএম