প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৩৮ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৯:৫৯ PM

দিনাজপুরের হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় বিজিবির হিলি বিওপি ক্যাম্পসংলগ্ন একটি বাড়ি থেকে ৪৯০ পিস নেশাজনক ইনজেকশন (অ্যাম্পল) ও ৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত আব্দুস সালামের ছেলে ইমনের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামিকে আটক করা সম্ভব হয়নি।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন জানান, একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে পুলিশের একটি দল দক্ষিণ বাসুদেবপুর এলাকায় যায়। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারেন, ইমনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৯০টি ইনজেকশন ও ৭ বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল, যার ফলে আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
এ বিষয়ে ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফউদ্দৌলা বলেন, “মাদক উদ্ধার অভিযানে পুলিশকে কোনো বাধা দেওয়া হয়নি, বরং বিজিবি সদস্যরা পুলিশকে সহযোগিতা করেছে। সীমান্ত এলাকায় অভিযানে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। ওসি আমাকে ফোন করলে আমি অভিযানের অনুমতি দিয়েছি।”
আসামি আটক না হওয়ার পেছনে বিজিবির বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ