প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:২১ পিএম

গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ার, ভারী বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের প্রায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দুর্গত এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দলটি।
রোববার দুপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে নয়ারচর, মিটার বাজার, চরআন্ডা, আলেকান্দাসহ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসব সহায়তা বিতরণ করা হয়। রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সির নেতৃত্বে নেতাকর্মীরা ট্রলারযোগে দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারে পাঁচ কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, আধা লিটার তেল ও একটি করে গ্যাস লাইট।
ত্রাণ নিতে আসা অনেকেই জানান, এমন দুর্যোগে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সি বলেন, “পটুয়াখালী-৪ আসনের জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা দুর্গত মানুষের খোঁজ নিয়েছি, এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দিয়েছি। বিএনপি সবসময়ই সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ